মংলায় গ্যাস বিষক্রিয়ায় চীনা নাগরিকসহ নিহত ২

বাগেরহাটবাগেরহাটের মংলায় গ্যাস বিষক্রিয়ায় এক চীনা নাগরিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির একটি পুরাতন পল্টুনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা হলেন পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পে কর্মরত চীনা নাগরিক জ্যাং হংগু ও বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে মজিদ শেখের ছেলে মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক মো. মাসুদ (৩৫)।
স্থানীয়রা জানান, মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির ব্যবহৃত একটি পুরাতন পল্টুন সম্প্রতি বিক্রির জন্য নিলাম তোলে কর্তৃপক্ষ। রবিবার দুপুরে চীনা নাগরিক জ্যাং হংগু ফ্যাক্টরির ৪ শ্রমিককে সঙ্গে নিয়ে নিলামকৃত ওই পল্টুনটি দেখতে যান। এসময় তিনি পল্টুনের ম্যানহোল খুলে ভেতরে প্রবেশ করলে পল্টুনের মধ্যে থাকা গ্যাসের বিষক্রিয়ায় সেখানেই পড়ে যান। এসময় তাকে উদ্ধারের জন্য মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক মো. মাসুদ ম্যানহোল দিয়ে ভেতরে প্রবেশ করলে বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।
পরে ওই দুইজনকে পল্টুনের ভেতর থেকে বের করতে গিয়ে আহত হন মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক সাইদুর রহমান ও বিল্লাল। তাদের প্রথমে মংলা বন্দর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ বিকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে কঙ্গোর নাগরিক আটক

/এমও/