সুন্দরবনের উপকূলে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এমভি মহাগৌরী’ নামে ভারতীয় ফিশিং ট্রলার থেকে ৩টি লাশ উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার বিকালে সুন্দরবন উপকূলের হিরন পয়েন্টের অদূরে বঙ্গবন্ধু আইল্যান্ডে টেনে নিয়ে এসে ওই ডুবন্ত ট্রলারটির ইঞ্জিন রুম থেকে লাশ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃতদের পরিচয় পাওয়া যায়নি।
কোস্টগার্ড পশ্চিমজোনের মিডিয়া কর্মকর্তা রাহি আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ট্রলার থেকে উদ্ধার করা গলিত ৩টি লাশ মঙ্গলবার বিকালে খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে গত তিন দিনে ৮ জন ভারতীয় জেলের লাশ ও ২ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৭ জন ভারতীয় জেলে নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) বিকালে ঝড়ের কবলে পড়ে ভারতীয় ট্রলার ‘এমভি মহাগৌরী’ বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় ডুবে যায়। এই ট্রলারডুবির খবর পেয়ে ওইদিন সন্ধ্যা থেকে বাংলাদেশে নৌ বাহিনী, কোস্টগার্ড এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ট্রলারটির অবস্থান ও নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। ওই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ৩টি লাশ উদ্ধার করা হয়।এর আগে প্রথম দফায় গত রবিবার (১৪ আগস্ট) ৫ জেলের লাশ ও ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ৪ ঘণ্টার পরীক্ষা সাড়ে ৩ ঘণ্টা করায় মানববন্ধন
/এআর/