যশোরে গুলিতে নিহত ২ যুবকের একজনের পরিচয় মিলেছে

যশোরযশোরে গুলিবিদ্ধ ও নিহত দুই যুবকের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি যশোর সদরের খোলাডাঙ্গা এলাকার হাবিব গাজী (২৬)।  তার বাবা আব্বাস গাজী। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে এসে নিহতের ভাই আসাদ গাজী তার লাশ শনাক্ত করেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতদের একজন হলেন হাবিব গাজী। তার বিরুদ্ধে মাদকসহ কয়েকটি মামলা আছে। অন্য যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।’
নিহতের ভাই আসাদ গাজী জানান, হাবিব গাড়ির ইঞ্জিনমিস্ত্রি। বাড়িতেই থাকতেন, ভাইয়ের কৃষিকাজে সহায়তা করতেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে খোলাডাঙ্গা এলাকার হাসান দফাদারের বাড়ি থেকে তার ভাইসহ একই এলাকার মিঠুন, আজিজুর, হোসেন এবং সোহেল নামে ৫ যুবককে পুলিশ ধরে নিয়ে যায়। এদের মধ্যে মিঠুন ও আজিজুরকে শুক্রবার আদালতে চালান দেয় এবং হোসেন ও সোহেলকে সে রাতেই ছেড়ে দেওয়া হয়।  টেলিভিশনে খবর দেখে সকালে হাসপাতাল মর্গে এসে তিনি তার ভাইকে মৃত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে আরবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার (৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের) সাহিদা ইয়াসমিন বলেন, ‘খোলাডাঙ্গা এলাকার হাসান তরফদার হাবিবসহ ৫ যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সেখান থেকে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পর অনেক খোঁজ করেও হাবিবের সন্ধান পাইনি। আজ হাসপাতালে তার গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়েছি।’

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘একজনের লাশ শনাক্ত হয়েছে শুনেছি।’

উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে যশোরে কথিত গোলাগুলিতে অজ্ঞাত দুই যুবক নিহত হন। পুলিশ দাবি করে, স্থানীয় লোকদের দেওয়া  ‘গোলাগুলির খবরের ভিত্তিতে’ মধ্যরাতে শহরের পৌরপার্ক ও যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে গুলিবিদ্ধ লাশ দুটি উদ্ধার করা হয়।

/এইচকে/

পড়ুন: যশোরে গুলিতে নিহত দুই যুবকের লাশ উদ্ধার