নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

Narail-01 (01.09.16)বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রানদীতে ঐতিহ্যবাহী এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নড়াইল পুরাতন ফেরিঘাটের লস্করপুরে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার।

এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে প্রাণআপের পৃষ্ঠপোষকতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রা নদীর পুরাতন ফেরিঘাট থেকে এস এম সুলতান সেতু (চিত্রা ব্রিজ) পর্যন্ত তিন কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের তিনটি ও পুরুষদের ১২টি নৌকা অংশগ্রহণ করে।

প্রতি বছরের মতো এবারও পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, যশোর, খুলনা এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার সুলতান ভক্তরা নৌকাবাইচ দেখতে আসেন। শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় চিত্রা নদীর দু’পাড় উৎসবের নগরীতে পরিণত হয়।

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফাহিম শাহরিয়ার খান ও সরকারি লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র রেজওয়ান জানায়, সুলতান উৎসব ও নৌকাবাইচ আমাদের বাৎসরিক একটা আনন্দ উৎসব। সারা বছর ধরে আমরা অপেক্ষায় থাকি এ উৎসবের জন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, প্রাণ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান ও সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু। 

এছাড়া মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী সুলতান উৎসব উপলক্ষে সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে নড়াইল সুলতান মঞ্চ চত্বরে  বসে গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের ৭৫টি স্টল।

আরও পড়ুন:

সাথীর বাড়িতে শিক্ষা সচিব

/বিটি/