ঈদ উপলক্ষে কোনও পশু আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। দেশের বাইরে থেকে কোনও পশু আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী একথা জানান।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রীকোরবানির জন্য এক কোটির কিছু বেশি পশুর প্রয়োজন হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের খামারিরা এখন আগের চেয়ে অনেক বেশি পশু লালনপালন করছেন। পশু আমদানি না হলে খামারিরা ন্যায্য মূল্য পাবেন, অন্যদিকে ক্রেতাদেরও বেশি দামে পশু কিনতে হবে না।’

প্রতিমন্ত্রী খুলনা অঞ্চলকে ঘিরে সরকারের উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, ‘অচিরেই এ অঞ্চল অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সরকার মংলা বন্দরকে বেশ গুরুত্ব দিচ্ছে। খুলনার জিরো পয়েন্ট থেকে ভোমরা পর্যন্ত ২৫০ কোটি টাকার রাস্তা সম্প্রসারণের প্রকল্প ইতোমধ্যে সাবমিট করা হয়েছে।’

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম সভাপতিত্বে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক বেগম ফেরদৌসী আলী, জন্মভূমির সম্পাদক ওয়াদুদুর রহমান পান্না, বিটিভির খুলনা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টু প্রমুখ।

/এমও/