সুন্দরবনের মালঞ্চ নদী থেকে ৩১টি ভারতীয় গরু আটক

সুন্দরবনের মালঞ্চ নদী থেকে ৩১টি ভারতীয় গরু আটক করেছে মংলা কোস্টগার্ড। চোরাইপথে পাচার করে আনা এসব গরু মংলা কাস্টমস হাউজে হন্তান্তর করা হবে। সোমবার সকালে এসব গরু আটক করা হয়।

৩১টি ভারতীয় গরু আটক করেছে মংলা কোস্টগার্ডকোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সোমবার সকালে সিজিএস গড়াই জাহাজ নিয়ে পশ্চিম সুন্দরবনের মালঞ্চ নদী এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহ হলে অভিযানকারীরা ট্রলারটি থামানোর সংকেত দেয়। তখন ট্রলারে থাকা চোরাকারবারীরা নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা ৩১টি ভারতীয় গরু আটক করে কোস্টগার্ড। আটক গরুর মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

কোস্টগার্ডের অপারেশন অফিসার ফরিদুজ্জামান খান বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে ভারতীয় গরু চোরাচালান বেড়ে যাওয়ায় সুন্দরবন সংলগ্ন মংলা, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকায় নৌপথে কোস্টগার্ডের টহল বৃদ্ধি করা হয়েছে।’

/এমও/