ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রম

Jessore Khal Pic 18.09.16বাধা উপেক্ষা করে ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে আমডাঙ্গা খাল সংস্কার করেছেন জলাবদ্ধ অভয়নগর এলাকার মানুষ।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ডাকে রবিবার ভবদহ অঞ্চলের ২০-২৫টি গ্রামের পাঁচ শতাধিক মানুষ খালে উপড়ে পড়া গাছপালা অপসারণ করেন। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ অপসারণ কাজ। এ সময় দুদফা বাধার শিকার হন স্বেচ্ছাশ্রম দিতে আসা মানুষ।

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী, সংগ্রাম কমিটির অন্যতম নেতা বৈকুণ্ঠ বিহারী রায়, চৈতন্য কুমার পাল, কামরুল ইসলাম, সমীরণ পাড়ে, আবুল কালাম আজাদ, জাকির হোসেন, শহিদুল ইসলাম, ভৈরব বাঁচাও আন্দোলনের নেতা নজিম উদ্দিন প্রমুখ।

অভয়নগরের ব্যাপক এলাকা জলাবদ্ধ হওয়ায় ভবদহ অঞ্চলের বিকল্প পানি নিষ্কাশনের পথ আমডাঙ্গা খালে পানির প্রবাহ বৃদ্ধি পায়। এতে মজুমদার অটো রাইচ মিলের পাশে অবস্থিত খাল পাড়ের ৪-৫টি বাড়ির ভিটার গাছপালা উপড়ে পড়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়।

সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বিষয়টি উপলব্ধি করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তা অপসারণের কাজ করতে আসেন। এ সময়ে খালপাড়ে বসবাসরত আবু তালহার (৪৮) নেতৃত্বে এলাকার কিছু যুবক কাজে বাধা দেন। লোকজন বাধা উপেক্ষা করে খালে উপড়ে পড়া গাছ অপসারণ করতে থাকলে তারা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করেন। এ সময় কাজ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন মিয়াকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে লোকজন আবার খালে নেমে কাজ শুরু করলে তারা ফের আক্রমণ করে। যদিও কেউ আহত হননি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার থেকে খাল ভেঙে পড়ার হাত থেকে রক্ষার জন্য পাইলিংয়ের কাজ করার প্রতিশ্রুতি দিলে লোকজন শান্ত হয়।

এরপর স্বেচ্ছাশ্রম দিতে আসা লোকজন ফের খালে পড়া গাছ অপসারণ করলে পানির প্রবাহ বৃদ্ধি পায়।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা বৈকুণ্ঠ বিহারী রায় দাবি করেন, রাস্তা কেটে দিয়ে ওই অংশ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে এলাকার দুই ফুট পানি নেমে যাবে।

বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন মিয়া আগামী দুই দিনের মধ্যে সেখানে কাঠের ব্রিজ তৈরি করে রাস্তা কেটে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন:
কাব্য হত্যাকাণ্ড পরিকল্পিত: ময়নাতদন্তকারী চিকিৎসক

/বিটি/