হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মিজানুর রহমান জানান, রবিবার সন্ধ্যার দিকে কৈয়াবাজার রাজবাধ এলাকায় আবু সাঈদ তার ছেলে সিয়ামকে দুষ্টুমির শাস্তি দিতে মাথায় জোরে চড় মারলে শিশুটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শিশু সিয়ামের মা রাশিদা বেগম বাদী হয়ে হরিণটানা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় আবু সাঈদ সরদারকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, সিয়ামের বাবা মো. শাহ আলম দেড় বছর আগে তাদেরকে ফেলে চলে যায়। এরপর সিয়ামের মা আবু সাঈদ সরদার নামে একজনকে বিয়ে করেন। সিয়ামের দুষ্টুমি নিয়ে তার সৎ বাবা আবু সাঈদ ক্ষুব্ধ ছিলেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার সোনালী সেন জানান, ঘটনার পর আবু সাঈদ পালিয়ে যায়। এরপর তার মোবাইল ফোন ট্র্যাকিং করে ডুমুরিয়া অবস্থান জানা যায়। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রম
/এআর/