সুন্দরবনে র‌্যাবের সঙ্গে জাহাঙ্গীর বাহিনীর বন্দুকযুদ্ধ

বন্দুকযুদ্ধসুন্দরবনের দুধমুখী এলাকায় র‌্যাবের সঙ্গে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বনদস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনে কয়েকটি দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা জেলেদের উদ্ধারে ও দস্যু দমনে বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকায় টহল দিচ্ছিল র‌্যাব সদস্যরা। এ সময় ওই এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু জাহাঙ্গীর বাহিনী র‌্যাব সদস্যদের দেখতে পেয়ে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। আধাঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল ও ১১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। এ সময় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় দস্যুদের ব্যবহৃত একটি আস্তানা। অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যু দমন না হওয়া পর্যন্ত র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেজর আদনান কবির।

আরও পড়ুন:

লশান হামলা: ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন 

/বিটি/