যশোর শহরে যুবলীগকর্মী ম্যানসেলের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে তিনিসহ গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে শহরের রেল রোড চারখাম্বার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- যুবলীগকর্মী এবং ষষ্ঠীতলা এলাকার আলমাস হোসেনের ছেলে ম্যানসেল (২৮), শওকত অলীর ছেলে সাদী (২৭), আব্দুর রহিমের ছেলে শাকিব (২৮), পুরাতন কসবা কাজীপাড়া এলাকার তৌহিদ কাজীর ছেলে রাকিব (২৭) ও শংকরপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আকাশ (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ম্যানসেল ও তার সঙ্গীরা রাত ১০টার পর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথের অফিস থেকে বেরিয়ে প্রাইভেটকারে (ঢাকামেট্রো গ-১১-১৩৮৯) ষষ্ঠিতলার বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে চারখাম্বার মোড়ে পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সন্ত্রাসীরা গাড়িটি লক্ষ্য করে ৮-১০টি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে গাড়ির সামনের বাম দিকের গ্লাস ভেঙে যায়। এসময় ভেতরে থাকা পাঁচ আরোহীর সবাই আহত হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, আহতদের অবস্থা তেমন গুরুতর নয়।তাদের চিকিৎসা চলছে।
কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট যশোর রেল জংশনের কাছে ম্যানসেলের গাড়ি লক্ষ্য করে একদফা বোমা ও গুলি ছুড়েছিল প্রতিপক্ষ। কিন্তু সে যাত্রা তার কোনও ক্ষতি হয়নি।
/এআর/