ঝিনাইদহে দুই ইউপিতে নির্বাচন ৩১ অক্টোবর

ঝিনাইদহআগামী ৩১ অক্টোবর ঝিনাইদহের সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার এ দুই ইউপিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী ৬ অক্টোবর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ৭ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই, ১৪ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩১ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, কালীগঞ্জে মোট ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ নম্বর সিমলা-রোকনপুর ও ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন থেকে বেশ কয়েকটি গ্রাম পৌরসভার মধ্যে অন্তর্ভুক্ত হয়। এ কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৩য় ধাপে (২৩ এপ্রিল) কালীগঞ্জের ওই দুইটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি।

তিনি আরও জানান, রায়গ্রাম ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৬৭৫ জন। সিমলা-রোকনপুর ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ১২৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬২১ জন এবং মহিলা ভোটার রয়েছে ৩ হাজার ৫০৩ জন।

/এমডিপি/