সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, আগ্নেয়াস্ত্রসহ ২ বনদস্যু আটক

বন্দুকযুদ্ধপূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্চের জোংড়ার খাল এলাকায় র‌্যাবের সঙ্গে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও দুই বনদস্যুকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক  বনদস্যুরা হলো আজিজুল ও আবুল হোসেন। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।

র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) জোংড়া খালে অভিযান চালানো হয়। এ সময় ওই খালের মধ্যে আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অভিযানকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা  ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। তবে র‌্যাব দুই দস্যুকে আটক  করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদেরকে দাকোপ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

/বিটি/