ঝিনাইদহের দুই ইউপিতে ভোট গ্রহণ চলছে

Kaligonj Jhenaidah Election Pic-1ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর সিমলা-রোকনপুর ও ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ সোমবার ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।  

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকাল থেকে এ দুটি ইউপির ২০টি কেন্দ্রে  ৫ জন ম্যাজিস্ট্রেট, সাড়ে ৩শ পুলিশ সদস্য, ৪টি স্ট্রাইকিং ফোর্স, ৭ টি মোবাইল টিম ছাড়াও র‌্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলে রয়েছেন।

এ দুটি ইউপির মধ্যে সিমলা রোকনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, রায়গ্রাম ইউনিয়নে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু মাহাবুবুর রহমান নামের এক প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এ দুটি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৭৬  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, ইউনিয়ন পরিষদের নির্বাচনের ৩য় ধাপে (২৩ এপ্রিল) কালীগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ২ টি সিমলা-রোকনপুর ও রায়গ্রাম ইউপিতে সীমানা জটিলতার কারণে নির্বাচন হয়নি।

রায়গ্রাম ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৬৭৫ জন।

অপরদিকে, সিমলা-রোকনপুর ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৬২১ জন ও মহিলা ভোটার রয়েছে ৩ হাজার ৫০৩ জন।

/এমডিপি/