সাতক্ষীরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা


সাতক্ষীরা জেলাসাতক্ষীরায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক মজিদ পাটোয়ারীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেন।
তবে শিশুর পরিবার বলছে, এই ঘটনায় হাতেনাতে আটক ধর্ষক মজিদ পাটোয়ারীকে ছাড়িয়ে নিয়ে যান স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বাংলা ট্রিবিউনকে জানান, রাতে অভিযোগ পেয়েই ৯/১ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং-৩। মামলা রেকর্ডের পরপরই ধর্ষককে গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
মামলার বাদী রাবেয়া খাতুন জানান, মঙ্গলবার সকাল ১০টায় সদর উপজেলার রাজনগর গ্রামে তাদের প্রতিবেশী মজিদ পাটোয়ারীর বাড়ির উঠানে তার শিশু কন্যা খেলা করছিল। ওই সময় মজিদ পাটোয়ারী তাকে মুড়ি খেতে দেওয়ার নাম করে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তিনিসহ আশপাশের লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়রা ধর্ষক মজিদ পাটোয়ারীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে তিনি তার বাচ্চার চিকিৎসায় ব্যস্ত হয়ে পড়লে স্থানীয় লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম বাপ্পীসহ প্রভাবশালীরা মজিদ পাটোয়ারীকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই থেকে মজিদ পলাতক রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে সন্ধ্যায় মজিদ পাটোয়ারীকে আসামি করে থানায় এজাহার দাখিল করেন তিনি।

/এআর/