সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা রেহায় পাবে না: তথ্যমন্ত্রী

Kushtia INU Pic-05.11.16যুদ্ধাপরাধী ও জঙ্গি-সন্ত্রাসীরা যেমন রেহায় পাইনি তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলাকারীরাও রেহায় পাবে না বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন,‘বাংলাদেশে এখনও স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্টের চক্রান্ত অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।’

শনিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

সংখ্যালঘুদের ওপর হামলা দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধবংস করার চক্রান্ত হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বিএনপি-জামায়াতের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এটাই সরকারের সিদ্ধান্ত। এর বাইরে বিচ্ছিন্ন মন্তব্যকারীদের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই।’

এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/