মৎস্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করায় আদালত চত্বরে বাদীর আইনজীবীকে মারধর

খুলনামৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মো. ছায়েদুল হকের বিরুদ্ধে হিন্দুদের নিয়ে কটূক্তির অভিযোগ করায় খুলনা আদালত চত্বরে বাদীর আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে।  হামলার পর বাদী বিধান ঘোষ অভিযোগটি আদালত থেকে প্রত্যাহার করে নেন বলে জানিয়েছেন তার আইনজীবী তৌহিদুর রহমান তুষার।

তৌহিদুর রহমান জানান, বিকালে আদালতে ওঠার আগেই আওয়ামীপন্থী আইনজীবীরা তার ওপর হামলা করে। এরপর বাদী অভিযোগটি প্রত্যাহার করে নেন। তিনি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

খুলনা সিএমএম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা বলেন, বাদী নিজেই অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন। ফলে শুনানি হয়নি।

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী আইনজীবীদের নেতা আনিসুর রহমান পপলু বলেন, আসন্ন নির্বাচনে তিনি সভাপতি প্রার্থী। প্রতিপক্ষরা তার সুনাম ক্ষুণ্ণ করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।

হিন্দুদের নিয়ে কটূক্তির অভিযোগে মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মো. ছায়েদুল হকের নামে অভিযোগ দায়ের হয়। বিকাল ৩টায় অভিযোগের শুনানি ধার্য ছিল।

আরও পড়ুন:
সংখ্যালঘুদের নিয়ে ‘কটূক্তি’: মন্ত্রী ছায়েদুলের নামে আদালতে অভিযোগ

/বিটি/