খুমেক হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

চিকিৎসকের অবহেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাব্বি নামে এক শিশু খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে শিশুর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটে।Khulna Pic 2 (13-11-16)

মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার এসআই বনি আমিন বাংলা ট্রিবিউনকে জানান, শিশুটির মারা যাওয়ার খবরে তার বাবা হানিফ ক্ষুব্ধ হয়ে চিকিৎসকদের ওপর হামলা চালান। এমন খবরে অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা এসে রোগীর পরিবারের ওপর হামলা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ জানায়, নগরীর বাস্তুহারা এলাকার বাসিন্দা হানিফ হাওলাদারের ৫ বছরের শিশু পুত্র রাব্বি রাত সাড়ে ৭টার দিকে ইজিবাইকের নিচে পড়ে গুরুতর আহত হয়। হানিফ দ্রুত শিশুটিকে আহতাবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর থেকে একাধিকবার তার শিশুটিকে দেখার জন্য ডাক্তারদের ডাকেন। কিন্তু তার ডাকে সময়মত কোনও ডাক্তার শিশুটির কাছে আসেননি। কিছুক্ষণ পর দুইজন ইন্টার্ন ডাক্তার তার শিশুকে মৃত ঘোষণা করেন। এসময় শিশুটির বাবা হানিফ রেগে ওই দুই ডাক্তারকে মারধর শুরু করেন। এরপর মেডিক্যাল কলেজের অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা ওই শিশুর অভিভাবকদের ওপর ঝাপিয়ে পড়েন। এ খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি শান্ত করেন।

শিশুটির বাবা হানিফ হাওলাদার জানান, ছেলের মৃত্যুর পর বেসামাল হয়ে পরি। এরপর হাসপাতালের ডাক্তাররা আমার ও পরিবারের সদস্যদের ওপর নির্মমভাবে হামলা করেছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মেডিক্যাল অফিসাল আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত একটি শিশু হাসপাতালে ভর্তি হয়।এরপর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা শিশুটিকে যথাযথ চিকিৎসা সেবা দিচ্ছিল। কিন্তু শিশুটি হাইপো থেরাপির কারণে মারা যায়। এরপর শিশুর স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের ওপর চড়াও হয়। এতে দুজন আহত হয়।

/এআর/