শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন ঝিনাইদহের দুই পুলিশ কর্মকর্তা

শ্রেষ্ঠ এসআই পুরস্কারপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তা

ক্লু-লেস মামলা তদন্তে আবারও শ্রেষ্ঠ এসআই-এর পুরস্কার পেছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার দুই পুলিশ কর্মকর্তা। তারা হলেন এসআই  নিরব হোসেন ও শুকুমার কুণ্ডু।

কালীগঞ্জের চাঞ্চল্যকর দুটি মামলার মূল রহস্য উদঘাটন করায় এসআই  নিরব হোসেনকে সেপ্টেম্বর মাসের এবং শুকুমার কুণ্ডুকে অক্টোবর মাসের জেলার শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনে পুলিশের মাসিক কল্যাণ সভায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ (পিপিএম), ছয় থানার ওসিসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জুন কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের ইজিবাইক চালক খোকন দাস নিখোঁজ হন। এর চারদিন পর ২৬ জুন সকালে উপজেলার মোল্লাকুয়া গ্রামের একটি আখ ক্ষেতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই রিপন দাস বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। ক্লু-লেস এ মামলায় পুলিশ ঢাকার ধামরাই দক্ষিণপাড়া থেকে অর্পণ মজুমদারের ছেলে শ্রীকান্তকে আটক করে এবং খোকন দাসের ব্যবহৃত মোবাইল ফোন তার কাছ থেকে উদ্ধার করে। শ্রীকান্তের স্বীকারোক্তিতে পরে সোহেল নামের আরেক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। গুরুত্বপূর্ণ এ মামলার আসামি ডিটেক্ট হওয়ায় এবং আলামত উদ্ধার করতে সক্ষম হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে এসআই  নিরব হোসেনকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার দেওয়া হয়।

অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের তেতুলতলায় রয়েল পরিবহনের চলন্ত গাড়িতে গত ৪ আগস্ট রাতে ডাকাতি হয়। ডাকাতরা বাসের যাত্রীদের জিম্মি করে নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট করে। এ সময় বাসের ড্রাইভার, হেলপারসহ ৫/৭ জন আহত হয়। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই  শুকুমার কুণ্ডু মহেশপুরের গোপালপুর থেকে জাহাঙ্গীর আলম খান, কালীগঞ্জের নিয়ামতপুর থেকে মকছেদ আলী ওরফে কালু ও ফরিদপুর থেকে আনোয়ার হোসেন আদিল নামের তিন ডাকাতকে গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি ও হাতুড়ি উদ্ধার করতে সক্ষম হন। এদের মধ্যে মকছেদ আলী ওরফে কালু ডাকাতির বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও প্রদেন। গুরুত্বপূর্ণ এ মামলাটি তদন্তে সাফল্য অর্জন করায় এসআই  শুকুমার কুণ্ডুকেও শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার দেওয়া হয়।

এ ব্যাপারে এসআই  শুকুমার কুণ্ডু ও এসআই  নিরব হোসেন জানান, সাফল্যের সঙ্গে মামলার তদন্ত করায় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার তাদের পুরস্কার হিসেবে ক্রেস্ট দিয়েছেন। এতে অন্যান্য অফিসারদের মধ্যে অনুপ্রেরণা বৃদ্ধি পাবে। কাজের যথাযথ মূল্যায়ন করায় তারা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। 

/বিটি/