‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করা না হলে এই সরকারের পতন ঘটবে’

Bagerhat Photo (24.11.2016)Sজাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘রামপালের তাপ বিদ্যুৎকেন্দ্র বাতিল করা না হলে এই সরকারের পতন ঘটবে। ভারত যেখানে তাদের সুন্দরবনের ২৬ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র করতে দেয়নি সেখানে আমাদের সরকার সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে ওয়ার্ড হ্যারিটেজ সুন্দরবনকে ধ্বংস করছে। ইউনেস্কোসহ সারা বিশ্বের পরিবেশবিদরা রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানিয়েছেন। কিন্তু সরকার কারও কথা শুনছে না।’

বৃহস্পতিবার বিকালে বাগেরহাট সার্কিট হাউজের সামনে রামপাল অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশ বাহিনী দিয়ে আমাদের নির্ধারিত স্থানে পূর্ব ঘোষিত সমাবেশ করতে দেওয়া হয়নি।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, ‘১৬ কোটি মানুষের সঙ্গে চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এটি পুলিশি সরকার নয়, এটি গণতান্ত্রিক দেশ।’

Bagerhat Photo 2খোলা জায়গায় সমাবেশ করতে না পেরে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কেন্দ্রীয় নেতা এম এ গোফরান, আতাউল করিম ফারুক, সিরাজ মিয়া, তানিয়া ফেরদৌসী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, লোকমান হাকিম, বাগেরহাট জেলা সভাপতি শেখ নজরুল ইসলাম প্রমুখ।

বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন চত্বরে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে জাসদের সমাবেশ স্থলে জেলা তাঁতীলীগ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবিতে পাল্টা সমাবেশ আহ্বান করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে জেলা ও পুলিশ প্রশাসন ওই স্থানে কাউকেই সমাবেশ করতে দেয়নি। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুইপক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় কাউকেই অনুমতি দেওয়া হয়নি। তবে সার্কিট হাউজে জাসদ-এর কর্মসূচিতে আমরা কোনও বাধা দেইনি। 

/বিটি/