মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের ৬ সদস্য। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। মঙ্গলবার ভোরে মটমুড়া গ্রামের একতা ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, মটমুড়া গ্রামের একতা ইটভাটা মালিক খবির উদ্দীনসহ কয়েকটি ইটভাটা মালিকের কাছে মোবাইলে চাঁদা দাবি করে এই ডাকাতরা। মঙ্গলবার ভোরের দিকে একতা ইটভাটায় ২০/২৫ জন অস্ত্রধারী ডাকাত হানা দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দুটি বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে তারা পিছু হটে যায়। পরে ঘটনাস্থলে তিন জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
/এসটি/