কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম বলেন, ‘নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছি। চিঠিতে বলা হয়েছে, জেলা পরিষদ নির্বাচন-২০১৬ কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচন কমিশন এর নির্দেশনা অনুসারে স্থগিত করা হয়েছে।’
তিনি আরও বলেন,‘চিঠিতে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ নেই, শুধু কমিশন এর নির্দেশনা রয়েছে। পরবর্তী নির্দেশনা অনুসারে করণীয় ঠিক করা হবে।’
প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম এবং কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, ‘নির্বাচন স্থগিতে বিষয়টি শুনেছি। আমার মনে হয়, নির্বাচন কমিশন যা করেছে আইনের মধ্যে থেকেই করেছে।’
কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই নানা ষড়যন্ত্র করা হচ্ছে আমার প্রার্থিতা নিয়ে। আমি হাইকোর্টের রায় নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছি। নির্বাচন কমিশন কেন এই সিদ্ধান্ত নিল আমার কাছে পরিষ্কার না। বিষয়টি ভালোভাবে বুঝে পরবর্তী পদক্ষেপ নিব। প্রয়োজনে আবারও উচ্চ আদালতের যাব।’
/এমডিপি/