সাতক্ষীরার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

সাতক্ষীরা জেলাভোটার জটিলতার কারণে জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশে নির্বাচন কমিশনের বরাত দিয়ে রিটার্নিং অফিসার সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আবুল কামেশ মো. মহিউদ্দিন জানান, রিট করায় উচ্চ আদালত এই দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেন। তবে সাতক্ষীরার অপর ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

স্থগিতকৃত কেন্দ্রগুলো হচ্ছে, ৬ নম্বর ওয়ার্ড সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ ও ১৪ নম্বর ওয়ার্ড পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজ। এ দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা ৭৭ ও ৬৫ জন। এসব ওয়ার্ডের আওতায় রয়েছে ১১টি ইউনিয়ন পরিষদ। এগুলো হচ্ছে, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন ও দেবহাটা উপজেলার কুলিয়া, পারুলিয়া, দেবহাটা, সখিপুর ও নোয়াপড়া ইউনিয়ন পরিষদ এবং তালা উপজেলার খলিসখালি, সরুলিয়া, নগরঘাটা, ধানদিয়া ও কুমিরা ইউনিয়ন।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভাকে ১৫টি সাধারণ ওয়ার্ডে বিভক্ত করে সীমান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার ৩টি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০০ জন। চেয়ারম্যান পদে ২জন, পুরুষ সদস্য পদে ৭৯ জন এবং সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র দাখিল করেছে। সাতক্ষীরা জেলার ৯০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৯৮ জন এবং নারী ভোটার ২১১ জন।

/এমডিপি/