সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বকুল (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বকুল কুড়ুলগাছি গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বকুলসহ ৬/৭ জন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু ক্রয় করে চাকুলিয়া সীমান্তের ৪৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে বকুলকে আটক করে। এসময় বিএসএফ সদস্যরা বকুলকে বেদম পিটিয়ে সীমান্তেই ফেলে রেখে যায়। তার সহযোগীরা সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও পরে সদর হাসপাতালে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে বকুলসহ বেশ কয়েকজন চাকুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনার উদ্দেশে। এরপর তারা গরু ক্রয় করে বাড়ি ফেরার বিএসএফ বকুলকে আটক করে ব্যাপক পিটুনি দেয়। বিএসএফের পিটুনিতেই তার মৃত্যু হয়।

মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শফিউল আলম জানান, গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় শনিবার দুপুরে কড়া প্রতিবাদ জানিয়ে ভারতের মালুয়াপাড়া ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে।

/এমও/