সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা: বিএসএফ’র অস্বীকার

bgb-bsfচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে গরু ব্যবসায়ী বকুলকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০টায় সীমান্তে ৮৬ নং মেইন পিলারের কাছে

কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার ইন্সপেক্টর এস কে মিনহা গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করেন।

জানা যায়, শনিবার ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামের বকুলসহ ৬-৭ জন ভারত থেকে গরু কিনে চাকুলিয়া সীমান্তের ৮৮ নং মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় ভারতের মালুয়াপাড়ার বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করে বকুলকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এরপর বকুলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে কাটাতারের বেড়ার পাশে ফেলে রেখে চলে যায়। সহযোগীরা বকুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর শনিবার দুপুরে মুন্সীপুর বিজিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ রবিবার সকালে চাকুলিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিষয়টি অস্বীকার করে বিএসএফ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীরসহ ১০ জন। ভারতের পক্ষে মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস কে মিনহাসহ ১২ জন ছিলেন।

আরও পড়ুন:

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ   

/বিটি/