সার্চ কমিটির ৬ জনই নিরপেক্ষ: তথ্যমন্ত্রী

Jessore Inform. Minister INU pic 2সার্চ কমিটিতে যে ৬ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দিয়েছেন তারা নিরপেক্ষ ব্যক্তি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ওই ৬ জন সাংবিধানিক পদের অধিকারী। তারা স্বাধীনভাবেই কাজ করবেন।’ বুধবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে চক্রান্তমূলক প্রস্তাব দিচ্ছেন। দুষ্কর্মের অভিযোগ থেকে পরিত্রাণ পেতেই তিনি সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করছেন।’ তিনি আরও বলেন, ‘তার উদ্দেশ্য নির্বাচন নয়, অস্বাভাবিক সরকার গঠন। আর অস্বাভাবিক সরকার এলে তিনি তার দুষ্কর্মের বিচার থেকে পরিত্রাণ পাবেন বলে মনে করছেন। কিন্তু তার এ খেলা চলবে না। যথাসময়ে নির্বাচন হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার গণমাধ্যম বান্ধব সরকার। গণমাধ্যম এখন অনেক স্বাধীনতা ভোগ করছে। এটা এ সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। শুধু গণমাধ্যমের স্বাধীনতাই নয়, এর বিকাশেও সরকার বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যমকে সংকুচিত করা হচ্ছে বলে বিভিন্ন গোষ্ঠী যে তথ্য দেয়, তার সঙ্গে বাস্তবের মিল নেই।’

তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘টেকসই উন্নয়ন, মধ্যম আয়ের দেশ, পরিবেশবান্ধব ও সমতাভিত্তিক উন্নয়নের যাত্রায় গণমাধ্যম বলিষ্ঠ সহযোগী বলে আমরা মনে করি। নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। যথাযথ সময়ে কাজ শুরু করা হবে।’

সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে  প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও জুয়েল মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।

/এমডিপি/