খুলনায় রেলের নতুন কোচে আগুন: চার সদস্যের তদন্ত কমিটি



খুলনাখুলনা রেল স্টেশনের পুরনো ওয়াশফিট ইয়ার্ডে (গ্যারেজ) নতুন কোচে (বাথ-৭১০৩) আগুনের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে কোচটির ২৪টি আসনের মধ্যে ৬টি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া বাকি আসনগুলোরও বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কমিটি বিষয়টি সরেজমিনে তদন্ত করবে। খুলনা রেল স্টেশনের মাস্টার মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার বলেন, ‘কোচগুলো খুলনা রেল স্টেশনের পুরনো ওয়াশফিট ইয়ার্ডে রাখা ছিল। এগুলো আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে রূপসা-সীমান্ত এক্সপ্রেসে যুক্ত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যেই আগুন লাগার ঘটনা ঘটে।’ তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি নিশ্চিত কোন কারণ বলতে পারেননি। তবে কোচটির একটি দরজা খোলা ছিল বলে জানান তিনি।
খুলনা রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার চিলাহাটি থেকে ইন্দোনেশিয়ান নতুন ১৬টি কোচ আনা হয়। যেগুলো খুলনা রেল স্টেশনের পুরনো ওয়াশফিট ইয়ার্ডে রাখা হয়। এর একটি ভিআইপি বাথ কোচে (৭১০৩ নং) বুধবার হঠাৎ করে অ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে কোচটির ২৪টি আসনের ৬টি সম্পূর্ণ এবং বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কোচের সিলিং, মেঝে, ফ্যান, জানালা, এসি ও কোর্ট হুকসহ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খুলনা রেলওয়ের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. আশরাফুজ্জামান বলেন, ‘আগুনে মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল বিভাগের ক্ষতি হয়েছে। এর মধ্যে যান্ত্রিক বিভাগে দু’লক্ষাধিক টাকার ক্ষতির বিষয়টি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তবে ইলেক্ট্রিক্যাল বিভাগের ক্ষতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’ তিনি আরও জানান, ‘এ ঘটনা তদন্তে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ বৃহস্পতিবার কমিটি সরেজমিনে তদন্ত করবে বলেও তিনি জানান।

/এমএনএইচ/