যশোরে দুর্বৃত্তের হামলায় আহত ভারতীয় নাগরিকের মৃত্যু

যশোরযশোরে দুর্বৃত্তের হামলায় আহত আইয়ুব আলী (৪৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সার্জারি ওয়ার্ডের ইনচার্জ রহিমা খাতুনের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার রাত ১০টায় ভর্তি করা হয় আইয়ুব আলীকে। এরপর রাত ৪টা ২০ মিনিটে ইন্টার্ন চিকিৎসক তসলিমা জাহান তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করেন।
আইয়ুব আলী হলেন ভারতের বয়রার কুলেনন্দনপুর গ্রামের বাহার আলীর ছেলে। তার মামাত ভাই যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান বাংলা ট্রিবিউন জানান, ভারতের বয়রা বাজারে আয়ুব আলীর একটি জুতার দোকান রয়েছে। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন ব্যবসায়ীর কাছে জুতা বিক্রি করতেন। এজন্য চৌগাছার নিরিবিলি পাড়ায় একটি বাসা ভাড়া নেন।

সেখান থেকে চৌগাছা থানার পুলিশ গত ১৮ ডিসেম্বর ভারতীয় রুপি ও ৪৬ জোড়া জুতাসহ আইয়ুব আলীকে আটক করে জেলহাজতে পাঠায়। সে সময় চৌগাছা বাজারের ছামাদিয়া লাইব্রেরির মালিক শরিফুল ইসলামের সিটি কলেজপড়–য়া এক ছেলেকেও আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

গত ৩০ জানুয়ারি যশোর আদালত থেকে জামিন পান আইয়ুব আলী। ২ ফেব্রুয়ারি যশোর কারাগার থেকে মুক্ত হয়ে চৌগাছায় যান তিনি। পরদিন ৩ ফেব্রুয়ারি যশোর সিটি কলেজে একজনের কাছে কিছু পাওনা টাকা আনতে গেলে তাকে মারধর করা হয়। ৪ ফেব্রুয়ারি পূর্ব পরিচিত যশোরের দন্ত চিকিৎসক মুজিবর রহমান ফোনে মুজিবুরকে জানান, আইয়ুবকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এ প্রসঙ্গে যশোরের চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইয়ুব আলী বাংলাদেশে এসে ব্যবসা করতেন। শুনেছি, শনিবার তিনি যশোর সিটি কলেজে কারও কাছে পাওনা টাকা আনতে গিয়ে মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিষয়টি আমার কিছু জানা নেই। আমি এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’

/জেএইচ/আপ-এআর/