চুয়াডাঙ্গায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে মুক্তা (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মুক্তা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ভ্যানচালক মিস্টার আলীর মেয়ে। এ ব্যাপারে পুলিশ নিহত মুক্তার বাবা মিস্টার আলী ও প্রতিবেশী নাসির উদ্দীনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকালে মুক্তা বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে প্রতিবেশী নাসিরের বাগানের নিচে থাকা একটি সেপটিক ট্যাংকের ঢাকনা ফাঁকা দেখে সন্দেহ করে। পরে ঢাকনা খুলে তার মধ্যে মুক্তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠায়।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তাকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মুক্তার বাবা ও প্রতিবেশী চাচা নাসিরকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মুক্তার গলায় ও হাতে আঘাতের চিহ্ণ রয়েছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
/এআর/