মোরেলগঞ্জে আ.লীগ প্রার্থী ফাহিমা খানম নির্বাচিত

ফাহিমা খানমবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা খানম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. বদিউজ্জামান পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির আখতারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৩৪ ভোট।
তবে অনিয়মের অভিযোগ তুলে ফের ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী মো. বদিউজ্জামান। জাতীয় পার্টির প্রার্থীও অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে এদিন দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন।
এই উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই নগন্য। উপজেলার ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে কোথাও চোখে পড়ার মত ভোটারদের লাইন দেখা যায়নি।
বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগ, অধিকাংশ কেন্দ্রেই জাল ভোট ও ভোট কাটার ঘটনা ঘটেছে। ভোটারদের উপস্থিতি না থাকলেও বিকাল ৪টার পর ব্যালট বাক্সে হাজার হাজার ভোট পাওয়া গেছে।

জালভোট ও কেন্দ্র দখল করে ভোট কাটার অভিযোগে ভোটের দিন দুপুরে ভোট বর্জন করেন জাতীয় পার্টির প্রার্থী মো. আখতারুজ্জামান। বিএনপির প্রার্থী মো. বদিউজ্জামান পূনঃ ভোটের দাবি জানান। তিনি বলেন, ভোটের নামে কৌতুক করা হয়েছে। ৫% ভোটারও কেন্দ্রে যায়নি। এটা গ্রহণযোগ্য কোনও নির্বাচন হতে পারে না।

এদিকে নিশানবাড়িয়া ইউনিয়নের হামেজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে জালভোট দেওয়ার অপরাধে জাহিদুল খলিফা (২২) একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিম উদ্দিন। এ সময় কয়েকজন এজেন্টের মোবাইল ফোনও জব্দ করা হয়।

তবে নির্বাচনোত্তর বেসরকারী ফলাফল প্রকাশের পরে প্রেস ব্রিফিং করেছেন আওয়ামী লীগের প্রার্থী ফাহিমা খানম। তিনি বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করায় সর্বসাধারণকে ধন্যবাদ জানান।
/এআর/