নড়াইলে মাদক বিরোধী অভিযানে ৫২ জন আটক

 -

নড়াইলে মাদক বিরোধী অভিযানে ১৭ দিনে ৫২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে। রবিবার পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে পুলিশ সুপার জানান, পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ দিনে ৪৬ বোতল ফেন্সিডিল, ৫১১ পিস ইয়াবা, ৫ কেজি  ২১০ গ্রাম গাঁজা এবং ৫ লিটার বিদেশি মদ উদ্ধার করেছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান, সদর থানার ওসি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, নড়াইলকে অচিরেই মাদকমুক্ত জেলা ঘোষণা করা হবে। এ লক্ষ্যে অভিযান চলছে। প্রথমত নড়াইল পৌরসভা এবং নড়াইল সদর থানার শাহাবাদ ইউনিয়ন, লোহাগড়া থানার লক্ষ্মীপাশা ইউনিয়ন, কালিয়া থানার ইলিয়াছাবাদ ইউনিয়ন ও নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নকে ৯০ দিনের মধ্যে মাদকমুক্ত করতে অভিযান চলছে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরু হয়েছে। এছাড়া গত ৮ মার্চ নড়াইল শহরের সুলতান মঞ্চে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে খুলনা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামানের কাছে নড়াইলের ৩০ জন মাদক ব্যবসায়ী আত্মসমার্পণ করেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: রাজশাহীতে চার জঙ্গিসহ ৪৫ জন গ্রেফতার