মানবাধিকার কর্মী বিনয় মল্লিকের জামিন লাভ

বিনয় কৃষ্ণ মল্লিক

বিনয় কৃষ্ণ মল্লিকের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কুমার নাথ এই জামিন আবেদন মঞ্জুর করেন।

রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সরোয়ার হোসেন জানান, নরসিংদীর শিবপুর থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে বিনয় মল্লিককে মঙ্গলবার বিকেলে নরসিংদী আদালতে হাজির করে পুলিশ। সেখানে বিনয় মল্লিকের জামিনের আবেদন করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ)প্যানেল আইনজীবী অ্যাডভোকেট শিরিন আক্তার।

সরোয়ার হোসেন বলেন, ‘মুক্তি পাওয়ার পর পরই বিনয় মল্লিক যশোরের উদ্দেশে রওনা দিয়েছেন। আগামীকাল বুধবার সকাল নাগাদ তিনি যশোর পৌঁছুবেন বলে আশা করা হচ্ছে।’

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিককে গ্রেফতার করে পুলিশ। এরপর রাত ১২টার দিকে তাকে নরসিংদীতে নিয়ে যাওয়া হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: কুসিক নির্বাচন: ২৮ কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার