দলীয় ও সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে, মাগুরা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফলক উন্মোচনের মাধ্যমে ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন ১৯টি প্রকল্পের উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর বিকেল ৩টায় তিনি স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তৃতা করবেন।
প্রধানমন্ত্রীর মাগুরা সফর প্রসঙ্গে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য গোটা শহরকে নতুন করে সাজানোসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছি। তাকে বরণ করতে মাগুরাবাসী এখন সম্পূর্ণভাবে প্রস্তুত।’
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘মাগুরার আছাদুজ্জামান স্টেডিয়াম, সার্কিট হাউসসহ বিভিন্ন এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরের জন্য তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’
এর আগে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে ২০০৮ সালে এক নির্বাচনি সভায় বক্তৃতা করেন শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বশেষ মাগুরা সফর করেছেন ১৯৯৭ সালে।
/টিআর/