যশোরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

যশোরযশোর সদরের ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকায় থেকে আব্দুর রহমান ওরফে রুমান (২১) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুমান পুলিশের সোর্স হিসেবে কাজ করতো বলে নিহতের পরিবার এবং স্থানীয়রা জানিয়েছে। তবে রুমান পুলিশের সোর্স হিসেবে কাজ করার বিষয়টি জানা নেই থানার ওসির।
নিহত রুমান যশোর সদরের সীতারামপুর দক্ষিণপাড়া এলাকার আশরাফ আলী ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে চান্দের মোড় এলাকায় ভৈরব নদের পাড়ে শিশুরা খেলতে গিয়ে ওই যুবককে কেউ টেনে-হিঁচড়ে নদীতে নিতে যেতে দেখে। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। একইসঙ্গে ওই এলাকায় রুমানের শ্বশুর আমিনুরের বাড়িও খবর দেওয়া হয়।
খবর পেয়ে শ্বশুর বাড়ির লোকজন এবং স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে ভৈরব নদের মাঝ বরাবর নেমে বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করে।
নিহতের বড়ভাই রাজিব এবং শাশুড়ি সুমি খান জানান, বৃহস্পতিবার বিকালে রুমান তার বাড়ি সীতারামপুর থেকে বের হন। রাত ১০টার দিকে রুমানের সঙ্গে তার স্ত্রীর শেষ কথা হয়। সে সময় স্ত্রীকে জানান- তিনি ঝুমঝুমপুর এলাকার বটতলায় রয়েছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ ছিল।
কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। নিহতের বুক, পেট এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
/এআর/