রবিবার সকাল থেকে বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সীমান্তপথে চলাচলকারীদের গতিবিধির ওপর নজর রাখছেন তারা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভারত-বাংলাদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে।
একইভাবে নজরদারি শুরু করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ সদস্যরা।
বাংলাদেশি পাসপোর্ট যাত্রী চয়ন কুমার জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আধাঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। অন্যদেরকেও এভাবেই জেরা করা হচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, উপরের নির্দেশনায় দেশি-বিদেশি যাত্রীদের ওপর আগের চেয়ে বেশি নজরদারি করা হচ্ছে। সন্দেহ হলে নাম-ঠিকানা যাচাই-বাছাই ও ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) লে. কর্নেল খবির উদ্দিন বলেন, উপরের নির্দেশনা রয়েছে। তাই এ বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আর আমার অধীনে যে, সব বিজিবি ক্যাম্প আছে প্রত্যেক ক্যাম্পের গেইটে দায়িত্বরত সদস্যকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে ডিউটি করতে বলা হয়েছে।
/বিএল/