যৌতুকের দাবিতে স্ত্রী লিমা আক্তারকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী নাজমুল মল্লিককে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, যৌতুকের টাকার জন্য নাজমুল লিমার গায়ে আগুন ধরিয়ে দেয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (৮ এপ্রিল) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নাজমুলকে আটক করেছে।
পুলিশ জানায়, ১৩ মার্চ সকালে নাজমুল তার স্ত্রী লিমাকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ ৫০ হাজার টাকা নিয়ে আসতে বলে। লিমা টাকা আনতে অস্বীকৃতি জানালে নাজমুল ক্ষিপ্ত হয়ে তার গায়ে আগুন ধরিয়ে ঘরের দরজা আটকিয়ে দিয়ে পালিয়ে যায়। লিমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ২৮ মার্চ আবার চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করা হয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিমার বাবা আলম আলী জানান, ৬ বছর আগে একই উপজেলার বোয়ালিয় গ্রামের নাজমুলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। এরপর থেকে প্রায়ই যৌতুক দাবি করতো। টাকা না দিলে তার মেয়েকে শারিরিক ভাবে নির্যতন করতো।
সদর থানার ওসি তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৯ মার্চ লিমার ভাই হাসান বাদী হয়ে নাজমুলের নামে মামলা দায়ের করেছেন।
/এসটি/