সাতক্ষীরায় পুলিশ সোর্সকে লক্ষ্য করে গুলি

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সোর্সকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মাদক চোরাকারবারীরা। শুক্রবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়ার আইয়ূব ভাটার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে সীমান্ত থেকে দুটি মোটরসাইকেলে করে দুই বস্তা ফেনসিডিল নিয়ে কলারোয়া উপজেলা সদরে যাচ্ছিল চন্দনপুরের আব্দুল্লাহ, সুখচান, ইশারুলসহ চার চোরাকারবারী। তারা গয়ড়ার আইয়ূবের ভাটার মোড়ে পৌঁছালে তাদের গতিরোধ করে একই ইউনিয়নের রামভাদ্রপুরের পুলিশের সোর্স আক্তারুল।
এসময়, কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সোর্স আক্তারুলকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায় মাদক চোরাকারবারীরা। তবে, গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/এমও/