পুলিশের হেফাজত থেকে 'নিখোঁজ' শাওনের সন্ধান চায় পরিবার

নিখোঁজ শাওন

যশোরে পুলিশের হেফাজত থেকে নিখোঁজ তরুণ শাওনকে খুঁজে পেতে পুলিশের সহযোগিতা চেয়েছে তার পরিবার। তাদের বক্তব্য, শাওন কোনও অপরাধ করলে তাকে উদ্ধারের পর সংশোধনের সুযোগ দেওয়া হোক। শহরের উঠতি সন্ত্রাসী হিসেবে সাইদ ও শাওনের পরিচিতি রয়েছে।

রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবে শাওনের পরিবার সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। শাওনের ফুপু শিউলি মির্জা লিখিত বক্তব্য পাঠ করেন।

৫ এপ্রিল শাওন যশোর পৌরপার্ক থেকে নিখোঁজ হয়। জানা গেছে, সাদা পোশাকের পুলিশ শাওন ও সাইদ ওরফে ভাইপো সাইদ নামে দুই তরুণকে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়। পুলিশ প্রথমে এই খবর অস্বীকার করলেও পরে জানায়, শাওন পুলিশের কাছ থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে কোতয়ালি থানায় একটি মামলাও হয়।

সংবাদ সম্মেলনে শাওনের ফুপু

শাওনের ফুপু বলেন, ‘আমার ভাতিজা নিতান্তই ছোট। সে যাতে বিপথে চলে না যায়, সেজন্য পারিবারিকভাবে তাকে স্থানীয় কোর্ট মার্কেটে একটি কাপড়ের দোকান করে দেওয়া হয়। সে মন দিয়ে ব্যবসা করছিল। ৫ এপ্রিলও সে বাসা থেকে বের হয় দোকানে যাওয়ার জন্য। বেলা সাড়ে ১১টার পর থেকে শাওনের সঙ্গে আমরা কোনও যোগাযোগ করতে পারিনি। তার খোঁজ পেতে পুলিশসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ব্যর্থ হই। পরদিন স্থানীয় সংবাদপত্রে শাওন পুলিশের হাতে আটক হয়েছে বলে খবর বের হয়। এরপর আবার পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ শাওনের আটকের বিষয়টি অস্বীকার করে। পরের দিন শাওন পুলিশের হাত থেকে পালিয়ে গেছে মর্মে কোতয়ালি থানায় একটি মামলা করা হয়।’

লিখিত বক্তব্যে তিনি শাওনকে খুঁজে পেতে পুলিশের সহযোগিতা চান। একইসঙ্গে সে যদি কোনও অপরাধ করে, তাহলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়ারও আহ্বান জানান।

এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। 

ওসি অপারেশন শামসুদোহা জানিয়েছেন, 'এ বিষয়ে কথা বলবেন ওসি স্যার। আমরা এ নিয়ে কোনও মন্তব্য করতে পারবো না।' 

/এসটি/