হিলিতে মাদক ব্যবসায়ী দম্পতির আত্মসমর্পণ

01দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে বয়েজ উদ্দিন (৪৫) ও গুলনাহার বেগম (৪০) নামের দুই মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা দুজনে সম্পর্কে স্বামী-স্ত্রী।

বুধবার (৩ মে) রাতে তারা হাকিমপুর থানায় উপস্থিত হয়ে ওসি আব্দুস সবুরের কাছে আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার (৪ মে) সকালে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী দম্পতি হলেন, হাকিমপুর উপজেলার দক্ষিণবাসুদেবপুরের চুড়িপট্টি গ্রামের মৃত ছামাদ উদ্দিনের ছেলে বয়েজ উদ্দিন (৪৫) ও তার স্ত্রী গুলনাহার বেগম (৪০)।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে অনেকটা দিশেহারা হয়ে পড়ে তারা মাদক ব্যবসা থেকে সড়ে আসার সিন্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে আর এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত না হওয়ার অঙ্গীকার করায় তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তাদের দু’জনের বিরুদ্ধেই হাকিমপুর থানায় ৫/৬টিসহ আশপাশের থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তারা বর্তমানে জামিনে রয়েছেন।

/এআর/