দেশ চালাচ্ছে পর্তুগিজ জলদস্যুরা: আলাল

যশোরে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালবিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘মানুষের জীবনে দুর্বিষহ যন্ত্রণা চাপিয়ে দিয়েছে এ সরকার। মনে হয় যেন পর্তুগিজ জলদস্যুরা সরকার পরিচালনা করছে। এর থেকে মুক্তি পেতে উজ্জীবনী শক্তি হিসেবে ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মান জরুরি।’ 

বৃহস্পতিবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে নির্বাচনের আয়োজন করলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আলাল বলেন, ‘এটি দলের হাই কমান্ডের সিদ্ধান্ত। আগামী সপ্তাহে যেকোনও দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে নির্বাচনি রূপরেখা উপস্থাপন করবেন।’

জেলা বিএনপি আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা। প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমেলেন্দু কুমার দাস, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য অ্যাড. মনিরুল হুদা, ইঞ্জনিয়ার টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, ফারাজি মতিয়ার রহমান, ফিরোজা বুলবুল কলি, সাবিরা ইসলাম মুন্নী, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম প্রমুখ।

জেলা বিএনপির প্রতিনিধি সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, এ সরকার যদি মানুষের হৃদয়ের ভাষা না বোঝে, গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার না দিয়ে যদি নির্বাচন দেয় তাহলে তারা অস্তিত্বহীন হয়ে পড়বে। তিনি বলেন, এর আগে ২১ বছর অপেক্ষার পর ক্ষমতায় এসেছিল। এবার সে অপেক্ষা হবে অনন্তকালের। আর এটা বুঝতে পেরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যে কারণে তিনি বলেছেন- আওয়ামী লীগে কাক ঢুকে গেছে। আর আওয়ামী লীগের সেই কাকেরা বাইরে থেকে ময়লা এনে দলে ফেলছে।

/বিএল/