যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় হোটেল কর্মী ছায়া খাতুনকে (১৯) হত্যার ঘটনায় তিন কিশোরকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার রাতে শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র এসপি খোদাদাদ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার কড়াইতলা এলাকার আকরামের ছেলে মফিজুর রহমান (১৪), যশোর সদরের সাবলাট এলাকার আসাদুর রহমানের ছেলে পারভেজ (১৫) এবং ঝিকরগাছা উপজেলার ঝাউদিয়া আল আমিন সজীব (১৪)।
র্যাব-৬ যশোর ক্যাম্পের স্কট কমান্ডার সিনিয়র এসপি খোদাদাদ হোসেন জানিয়েছেন, যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের ইমান আলীর মেয়ে ছায়া খাতুন যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার বাবুর খাবার হোটেলে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গত ২৩ এপ্রিল হোটেলে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাবও তদন্ত শুরু করে। তদন্ত শেষে তারা হত্যার সঙ্গে জড়িত মফিজুর, পারভেজ ও আল আমিনকে শনাক্ত করেন। এরপর শুক্রবার রাতে তাদের যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী হোটেলের পাশের ড্রেন থেকে হত্যার সময় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের কোতোয়ালি থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
/জেবি/
আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জ বিএনপির প্রতিনিধি সভা নিয়ে দলে দ্বিমত