বিএনপির কুষ্টিয়া ও নড়াইল জেলা প্রতিনিধি সভা স্থগিত

 

Khulna Pic 2 (07-05-17)পুলিশের অনুমতি না পাওয়ায় কেন্দ্র ঘোষিত কুষ্টিয়া ও নড়াইল জেলা বিএনপির প্রতিনিধি সভা স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু রবিবার দুপুরে খুলনা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় তিনি ওই দুই জেলায় অনুমতির পাশাপাশি বাকি আরও পাঁচ জেলায় বাধাহীনভাবে প্রতিনিধি সভা করার বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও ঝিনাইদহে প্রতিনিধি সভা চলাকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে আটক  নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে মঞ্জু আরও বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাস করে। রবিবার খুলনা বিভাগের নড়াইল ও কুষ্টিয়া জেলায় বিএনপির প্রতিনিধি সভা করার জন্য অনুমতি দিয়েও শনিবার রাত ১০টায় অনুমতি প্রত্যাহার করে পুলিশ।

আওয়ামী লীগ এখন মৃত নেতাকর্মীদের নামেও মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি জানান, দেশের বর্তমান রাজনীতি, দলের অবস্থান ও ঐক্য সম্পর্কে দলের তৃণমুল পর্যায়ে প্রতিনিধি সভা চলছে। ২২ এপ্রিল থেকে সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু ৩ মে ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আব্দুল করিম মিন্টুর ইন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মশিউর রহমান, সাবেক এমপি আব্দুল ওহাবসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জেলা ছাত্রদল আহ্বায়ক আরিফুল হকসহ আট ছাত্রদল, যুবদল কর্মীকে আটক করেছে।

তিনি বলেন, খুলনায় নবগঠিত যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে পুলিশি হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছে। ন্যাক্কারজনক বিষয় হলো, এক বছর আগে মারা যাওয়া স্বেচ্ছাসেবক দলের মোস্তফা আরিফ সিদ্দিকী শুভও পুলিশের মামলায় আসামি হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু, কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, জেলা সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, ডা. গাজী আব্দুল হক, সিরাজুল ইসলাম, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, মোল্লা খায়রুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখী, সাজ্জাদ হোসেন তোতন, সাজ্জাদ আহসান পরাগ, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, রবিউল ইসলাম রবি, মোস্তফা আমির ফয়সাল, শরিফুল আনাম প্রমুখ।

/বিএল/