মংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের সঙ্গে সংযুক্ত ৮৩টি সরকারি খাল দ্রুত খননের পরামর্শ দিয়েছে বিআইডাব্লিউটিএ’র প্রতিনিধি দল। রবিবার সকাল ৮টার দিকে বিআইডাব্লিউটি’র প্রতিনিধি দলটি একনেক অনুমোদিত নৌ চ্যানেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
বিআইডাব্লিউটি’র চার সদস্যের এ প্রতিনিধি দলে ছিলেন, বিআইডাব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী আ. রব, সহকারী প্রকৌশলী দিদার এ আলম ও জাবের হোসেন মজুমদার।
প্রতিনিধি দলের সদস্য সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মংলা-ঘাষিয়াখালী আর্ন্তজাতিক নৌ চ্যানেলটি বাঁচাতে এর আশপাশের ৮৩টি সরকারি খাল দ্রুত খনন করতে হবে। তা না হলে,নৌ চ্যানেলটি আবার পলি পড়ে ভরাট হয়ে যাবে।’
তিনি আরও বলেন,‘২০১৪ সালে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এর পর নৌযান চলাচলের উপযোগী করতে মংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলটি বিআইডাব্লিউটিএ’র তত্ত্ববধানে খনন করা হয়। ২০১৫ সালের ৬ মে থেকে এ চ্যানেল দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। এ চ্যানেল দিয়ে এ পর্যন্ত ৫৩ হাজার ৭৭০টি জাহাজ চলাচল করেছে। এই ধারাবাহিকতা বজায়ে রাখতে চ্যানেলটি নিয়মিত ড্রেজিং করা প্রয়োজন।
/জেবি/
আরও পড়তে পারেন: বিএনপির কুষ্টিয়া ও নড়াইল জেলা প্রতিনিধি সভা স্থগিত