শিবলিঙ্গ পাচারের চেষ্টায় ৫ বছরের জেল

যশোরশিবলিঙ্গ পাচারের চেষ্টায় যশোরে কওছার সরদার নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে যশোরের স্পেশাল জজ (জেলা জজ) ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কওছার সরদার বর্তমানে পলাতক। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।এ মামলার অপর আসামি বাবুল গোলদারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর র‌্যাব সদস্যরা কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের কওছার সরদারের বাড়ি থেকে ১৪ ইঞ্চি উচ্চতা এবং সাড়ে ১৪ কেজি ওজনের একটি কথিত কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এ ঘটনায় পরদিন পাচারের উদ্দেশ্যে বাড়িতে শিবলিঙ্গ রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়।

পরবর্তীতে পুলিশের তদন্তে প্রমাণ হয় যে, আসামি ভারতে পাচারের জন্য অবৈধ উপায়ে শিবলিঙ্গ সংগ্রহ করে নিজের হেফাজতে রেখেছিলেন।

/বিএল/