বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩১ বাংলাদেশি নারী ও শিশু

IMG_20170607_165739ভালো চাকরির প্রলোভনে পড়ে ভারতে গিয়ে আটক  হওয়ার সাড়ে তিন বছর পর দেশে ফিরলো ৩১ বাংলাদেশি নারী ও শিশু। বুধবার (৭ জুন) বিকাল ৫টার সময় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরে। ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। 

ফেরত আসা নারীরা হলেন শিরিন, দীপা মণ্ডল, সাজনা দাস,পারভীন, রুনা সিদ্দিক, চাঁদনী, সুলতানা, মুক্তা, আশা রানী, রুমি, রিনা, পূজা, আয়শা, চায়না, সীমা, নাসরিন, সুমা, নারগিস, নাসরিন, আয়েশা, শ্রুতি আক্তার, তানিয়া, রুনা, শান্তা পাল, রিনা দুলালী, সারমিন, সাদিয়া এবং তিন শিশু রিয়াদ, মূসা ও রিমন। এদের বাড়ি যশোর, নড়াইল, মাদারীপুর, নরসিংদী, কুমিল্লা, জামালপুর, পিরোজপুর, বাগেরহাট, ঢাকা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের অবৈধ পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের তত্ত্বাবধানে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরত আসেন। ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফেরত আসা নারীদের মধ্যে ২২ জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এবং যশোর রাইটস ৬ জন নারীকে গ্রহণ করে নিজেদের হেফাজতে নিয়েছে। তারাই তাদেরকে অভিভাবকদের হাতে তুলে দেবেন।

/বিএল/