বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, “মানুষ যদি উদ্যোগ নিতে চায়, তাহলে তার সহায়তায় সহজতর পরিবেশ গড়ে তোলাই বিডার কাজ। বিনিয়োগ সহায়ক সব সেবা যেন এক জায়গা থেকেই পাওয়া যায় এজন্য আগামী ছয় মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে চালু হতে যাচ্ছে বিডা’র ওয়ান স্টপ সার্ভিস। পর্যায়ক্রমে এটি অন্যান্য বিভাগীয় শহরেও চালু করা হবে।”
সম্প্রতি খুলনায় আয়োজিত এক সম্মেলনে সভাপতির বক্তব্যে বিডা চেয়ারম্যান এসব কথা বলেন। নগরীর একটি হোটেলে ‘খুলনা বিভাগে বেসরকারি বিনিয়োগ আকৃষ্টকরণ এবং শিল্পায়নের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বিডার খুলনা বিভাগীয় অফিস।
সম্মেলনে বক্তারা জানান, খুলনা অঞ্চলে পদ্মা সেতুসহ রেলযোগাযোগের সুবিধা খুলে দিচ্ছে শিল্পায়নের অবাধ সুযোগ। তাই নির্ধারিত কিছু কিছু বিনিয়োগ যদি এলাকা ভিত্তিতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে শিল্পায়নে আশাব্যঞ্জক সাফল্য দেখা যাবে। তাদের ভাষ্য, ‘এ অঞ্চলে বিষমুক্ত সবজি উৎপাদন, উন্নতমানের আম বিপণন, ঐতিহ্যবাহী ফুলের চাষ, চিংড়ি ও কাকড়া চাষ এবং সুন্দরবনসহ স্থানীয় অন্যান্য দর্শনীয় স্থানসমূহে ট্যুরিজমের পরিকল্পিত ব্যবস্থাপনা ইঙ্গিত দিচ্ছে ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনও বিনিয়োগের বহুমুখী উদ্যোগের নিশ্চিত সাফল্য।’
বক্তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণসহ ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতে হলে এ অঞ্চলে সরকারি পশু হাসপাতাল, মৎস্যবীজ উৎপাদন খামারসহ অন্যান্য কৃষিভিত্তিক প্রকল্পের উন্নয়নসহ মংলা ইপিজেড পূর্ণাঙ্গরূপে চালু করা। রামপালে বিমানবন্দর দ্রুত চালু করা এবং সুন্দরবন সংরক্ষণ ও উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় পরিচালক নিরঞ্জন কুমার মণ্ডল। প্যানেল আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফিরোজ আহমেদ এবং ড. শেখ মো. মুরছালীন মামুন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) নাভাস চন্দ্র মণ্ডল, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এবং খুলনা চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আতিয়ার রহমান।
/জেএইচ/