হুমকির মুখে বাগেরহাট-রুপসা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যান

নদী ভাঙনে ধসে পড়েছে বাগেরহাট-রুপসা সড়ক, ছবি বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটের ভৈরব নদীর ভাঙনের কারণ হুমকির মুখে পড়েছে বাগেরহাট-রুপসা পুরাতন সড়ক। এরই মধ্যে যাত্রাপুরের মুচিঘাট স্থানে সড়কটির অর্ধেক এরও বেশি নদীতে বিলীন হয়ে গেছে। বাকি অংশে ফাটল দেখা দিয়েছে, যে কোনও সময় সেটুকুও নদীতে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে।  বিকল্প কোনও পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র, ইজি বাইক, মাইক্রোবাস, মালবাহী ট্রাসহ শত শত যান চলাচল করছে এ সড়ক দিয়ে।

সড়কটিতে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালকরা জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ছোট-খাটো র্দুঘটনার শিকার হচ্ছে পথচারীসহ যানবাহন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানান।

এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিন বলেন, ‘এ জায়গাটি একাধিকবার ভাঙনের কবলে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারণে বারবার নদী ভাঙনে এ সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এলাকাবাসীর পক্ষে দ্রুত এ সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।’

Bagerhat Photo 2

এদিকে, গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কার না করে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক বিভাগ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এ রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের তাই সংস্কারের দায়িত্ব তাদের। আর সড়ক ও জনপথ বিভাগ বলছে, নদী ভাঙনের কারণে সড়কটি ভেঙে গেছে। তাই পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব ভৈরব নদীর পাইলিংয়ের কাজ করা। তাহলে সড়কটিকে রক্ষা করা যাবে। 

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাশিদুর রেজা বলেন, নদী ভাঙনে সড়কটির কিছু অংশ ধসে গেছে। যার সংস্কার কাজ করবে পানি উন্নয়ন বোর্ড। সড়কটি সচল রাখতে ও ঝুঁকি এড়াতে পাশে ইটের সোলিং দিয়ে সাময়িকভাবে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বলেন, ‘খবর পেয়ে আমি বাগেরহাট-রুপসা পুরাতন সড়কে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছি। আপাতত নদী পাইলিংয়ের কাজ করা হবে। যেহেতু সড়কটি সড়ক ও জনপথ বিভাগের তাই সড়ক সংস্কারের কাজ তারাই করবে।’

 /এসটি/