মাগুরায় কমতে শুরু করেছে চালের দাম

 

চালচাল আমদানিতে শুল্ক হ্রাস করায় মাগুরায় কমতে শুরু করেছে চালের দাম। মাগুরা পুরাতন বাজারের কয়েকটি খুচরা চালের দোকানে ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে যে মোটা চাল ৪৪ টাকায় বিক্রি হচ্ছিল তা এখন ৩৮-৩৯ টাকায় বিক্রি হচ্ছে। দোকানদার ও জেলার খাদ্য কর্মকর্তারা আশা করছেন অল্প সময়ের মধ্যে চালের দাম আরও কমবে।
চালের মূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের মানুষের জীবনে নেমে এসেছিল দুর্ভোগ। একই সঙ্গে ব্যাহত হচ্ছিল সরকারের চাল সংগ্রহ অভিযান। এ অবস্থায় গত ২০ জুন থেকে সরকার চাল আমদানির শুল্ক শতকরা ২৮ থেকে ১০ ভাগে নামিয়ে আনে।
মাগুরা শহরের কাউন্সিলপাড়ার রিকশাচালক দবির হোসেন জানান, প্রতিদিন তার ৪ কেজি  চাল লাগে। দাম কমে যাওয়ায় এখন তার প্রতিদিন ২০ থেকে ২৫ টাকা সাশ্রয় হচ্ছে।

পুরাতন বাজারের চাল ব্যাবসায়ী কৃষ্ণপদ বলেন, গত সপ্তাহ থেকেই চালের দাম কমতে শুরু করেছে। আশা করছি দু’একদিনের মধ্যে এ দাম আরও কমে আসবে।

শহরের নিজনান্দুয়ালী এলাকার মিল মালিক লাভলু মিয়া বলেন, খাদ্য বিভাগের সঙ্গে আমি চুক্তিবদ্ধ থাকার পরও চালের মূল্যের ঊর্ধ্বগতির কারণে চাল সংগ্রহ অভিযানে চাল দিতে পারছিলাম না। চালের দাম কমতে শুরু করায় এখন আমার পক্ষে চাল দেওয়া সহজ হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাঊল ইসলাম বলেন, বোরো সংগ্রহ অভিযান নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। যেহেতু চালের দাম কমেছে তাই আমরা আশাবাদী এবার সংগ্রহ অভিযান সফল হবে।

জেলা মার্কেটিং অফিসার জাকির হোসেন বলেন, সরকারের উদ্যোগের কারণেই চালের বাজার এখন স্থিতিশীল। কয়েকদিনের মধ্যে চালের দাম আরও কমে আসবে।

/এএ/