গ্রেফতারকৃতরা হলো- গুরু বাহিনীর প্রধান মো. আনিস মোল্লা ওরফে গুরু (৩৩) ও তার সহযোগী আকরাম সানা (৩৪)। তারা দুজনই বাগেরহাট জেলার বাসিন্দা।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সম্প্রতি মো. আনিস মোল্লা ওরফে গুরু নামে এক যুবক ৬-৭ জনকে নিয়ে একটি দস্যু বাহিনী গড়ে তোলে। এই বাহিনীটি বেশ কিছুদিন ধরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অল্প কিছু এলাকায় চাঁদাবাজি করছিল বলে জেলেরা অভিযোগ করে। বুধবার জেলেদের কাছ থেকে খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী সংলগ্ন নন্দবালা খাল এলাকায় জেলেদের নৌকায় চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে গুরু বাহিনীর প্রধান আনিস মোল্লা ও তার অন্যতম সহযোগী আকরামকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও ৬৩টি গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাহিনী গঠন করে চাঁদাবাজির কথা স্বীকার করেছে বলে দাবি করেন ওই র্যাব কর্মকর্তা। তাদের বাগেরহাটের মংলা থানায় নিয়ে আসা হচ্ছে।
/এআর/