খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

খুলনায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রাজবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খুলনা মহানগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস রাজবন্দ এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রবিউল মারা যান। গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্র অমিতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় আহত আরও ৩ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

/বিএল/