মোটরসাইকেল দুর্ঘটনা: পথচারীকে চাপা দেওয়ার পর স্কুলছাত্রেরও মৃত্যু

নড়াইলনড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক নারী পথচারী নিহত হয়েছেন। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্র মোটর সাইকেল নিয়ে এক নারীকে চাপা দেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সেও মারা যায়। শনিবার রাত পৌনে ১০টার দিকে পৌর এলাকার রুপগঞ্জ-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা দক্ষিণপাড়া মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহমুদুল হাসান শাওন (১৫) সদর উপজেলার বাশভিটা গ্রামের সোহেল আহম্মেদের ছেলে। আর শ্যামলী বিশ্বাস (৭৪) পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের বনমালী বিশ্বাসের স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে ভাদুলীডাঙ্গা দক্ষিণপাড়া মন্দিরের কাছে রুপগঞ্জ-মুলিয়া সড়কে মোটরসাইকেল চালক মাহমুদুল হাসান শাওন শ্যামলী বিশ্বাসকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে চালক শাওনের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত শাওনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা দেন।

এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/ 

আরও পড়ুন- ধর্ষণের পর নির্যাতিতা ও তার মাকে ন্যাড়া: নারী কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না পুলিশ